
বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরে দেশবাসীর বর্তমান মাথাপিছু আয় ৩ হাজার ২০ মার্কিন ডলার। যা টাকার হিসাবে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী মোট দেশজ উৎপাদন (জিডিপি),আকারও ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বর্তমানে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। খাতভেদে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে সেবা খাতে। প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৫৯ শতাংশ।
মাথাপিছু আয় কী?
মাথাপিছু আয় (Per Capita Income) হলো একটি দেশের প্রতিটি নাগরিকের গড় বার্ষিক আয়। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির একক বা প্রকৃত আয় নয়, বরং পুরো দেশের মানুষের আয়ের একটি গড় হিসাব। এটি যেভাবে হিসাব করা হয়: একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট আয় (GDP) এবং এর সাথে প্রবাসী আয়সহ (Remittance) অন্যান্য বৈদেশিক উৎস থেকে আসা আয় যোগ করে মোট জাতীয় আয় (GNI) নির্ধারণ করা হয়। এই মোট জাতীয় আয়কে যখন সেই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়, তখন যা পাওয়া যায় সেটাই হলো গড় মাথাপিছু আয়।
সহজ সূত্রে: মাথাপিছু আয় = মোট জাতীয় আয়/মোট জনসংখ্যা