
বাংলাদেশ ব্যাংক ও সরকারি ব্যাংকের বিভিন্ন লিখিত পরীক্ষায় ফোকাস রাইটিংয়ের নম্বর ও প্রশ্নের ধরন পরীক্ষাভেদে আলাদা হয়। তবে বাংলা ও ইংরেজি ফোকাস রাইটিং সাধারণত লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ। হাজারো পরীক্ষার্থীর মধ্য থেকে ১০০/২০০ জনের লিস্টে ঢুকতে চাইলে লিখিত পরীক্ষার ফোকাস রাইটিং অংশে ভালো করার বিকল্প নেই।
ব্যাংকের পরীক্ষার প্রিলি পাশ করার পর যে জিনিসটা সবচেয়ে বেশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়, সেটা হলো লিখিত পরীক্ষার ফোকাস রাইটিং। লিখিত পরীক্ষার গণিত বা ইংরেজির প্রশ্নের উত্তরের জন্য নিয়ম মুখস্থ থাকলেই কাজ চলে, কিন্তু ফোকাস রাইটিংয়ে সেটা চলে না। এখানে দরকার লেখার একটা নির্দিষ্ট কাঠামো, বিষয়ভিত্তিক জ্ঞান আর সময়ের মধ্যে গুছিয়ে লেখার দক্ষতা।
সরকারি ব্যাংকগুলোতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়, সময় থাকে মাত্র ২ ঘণ্টা। এই অল্প সময়ে বাংলা ও ইংরেজি মিলিয়ে সাধারণত দুটি ফোকাস রাইটিং, একটি প্যাসেজ, আবেদনপত্র, অনুবাদ আর কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। বলাই যায়, ফোকাস রাইটিংয়ে যে যত দ্রুত আর গুছিয়ে লিখতে পারে, তার হাতে সময় ততই বাঁচে বাকি অংশের জন্য। এই লেখায় ধাপে ধাপে দেখানো হবে কীভাবে একটা ফোকাস রাইটিং লিখলে পরীক্ষক প্রথম দেখাতেই বুঝে যান, লেখাটা প্রস্তুতি নিয়ে লেখা।
ব্যাংকের ফোকাস রাইটিং সম্পূর্ণ অন্যান্য লিখিত পরীক্ষার রচনার থেকে ভিন্ন জগতের জিনিস। এখানে অলংকারপূর্ণ ভাষার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তথ্য, উপাত্ত, পরিসংখ্যান, চার্ট আর বাস্তবভিত্তিক বিশ্লেষণ। অর্থাৎ আপনাকে লিখতে হবে একজন সাহিত্যিকের মতো নয়, বরং একজন ডাটা-চালিত বিশ্লেষকের দৃষ্টিভঙ্গি নিয়ে। পরীক্ষক দেখতে চান আপনি একটা অর্থনৈতিক বা ব্যাংকিং বিষয়কে কতটা যৌক্তিকভাবে ভাঙতে পারেন, শুধু সুন্দর বাক্য লিখতে পারেন কি না তা নয়। তথ্য উপাত্ত দিয়ে সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট একটি টপিক আলোচনা করে আমরা যা লিখি তাই ফোকাস রাইটিং।
লিখিত পরীক্ষায় ফোকাস রাইটিংয়ের গুরুত্ব কতটুকু
সাধারণ ব্যাংক নিয়োগ পরীক্ষার কাঠামো মোটামুটি এরকম:
প্রিলিমিনারি পরীক্ষা — ১০০ নম্বর
লিখিত পরীক্ষা — ২০০ নম্বর
ভাইভা পরীক্ষা — ২৫ নম্বর
২০০ নম্বরের লিখিত পরীক্ষার একটা বড় অংশ জুড়ে থাকে ফোকাস রাইটিং। সাধারণত একটি বাংলা আর একটি ইংরেজি ফোকাস রাইটিং থাকে, আর দুটোতে মিলিয়ে বরাদ্দ থাকে সবচেয়ে বেশি নম্বর। অনেক নিয়োগ পরীক্ষায় এই অংশ একাই ৬০-এর বেশি নম্বর বহন করে। এই কারণেই বলা হয়, ব্যাংকের নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় টিকে থাকা বা না থাকা অনেকাংশে নির্ভর করে ফোকাস রাইটিংয়ের ওপর।
গণিত বা ব্যাকরণে ভুল হলে নম্বর কাটা যায় নির্দিষ্ট প্রশ্নে, কিন্তু ফোকাস রাইটিং দুর্বল হলে পুরো একটা বড় সেকশনেই খারাপ করার ঝুঁকি থাকে। তাই এই অংশটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
ফোকাস রাইটিং লেখার ধাপে ধাপে কৌশল
খাতায় বসার আগে মাথায় একটা কাঠামো গেঁথে নিলে লেখা অনেক সহজ হয়ে যায়। নিচের কাঠামোটা অনুসরণ করলে যেকোনো টপিকেই গুছিয়ে লেখা সম্ভব।
১. দ্রুত একটা আউটলাইন করুন
টপিক পড়ার সাথে সাথেই সরাসরি লেখা শুরু করবেন না। প্রথম ১-২ মিনিট খরচ করে খাতার কোণে বা মাথায় দ্রুত একটা পয়েন্ট লিস্ট বানিয়ে ফেলুন কী কী উপ-শিরোনামে ভাঙবেন, কোথায় ডাটা বসাবেন। পক্ষ্যে বিপক্ষ্যে কি কি যুক্তি দিবেন ইত্যাদি।
২. সংক্ষিপ্ত ও তথ্যনির্ভর ভূমিকা
ভূমিকায় বড় বড় বাক্য না লিখে টপিকের প্রাসঙ্গিকতা বোঝাতে হবে। কেন এই বিষয়টা এখন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের প্রেক্ষাপটে এর অবস্থান কী। ৪-৫ লাইনের বেশি ভূমিকায় খরচ করার দরকার নেই। ফোকাস রাইটিং এ লেখা, বিষয়বস্ত ও কাঠামো প্রাসঙ্গিক থাকা দরকার।
৩. মূল অংশ পয়েন্ট-বাই-পয়েন্ট উপ-শিরোনামে ভাগ করুন
এটাই ফোকাস রাইটিংয়ের প্রাণ। রচনার মতো একটানা অনুচ্ছেদ না লিখে বিষয়টাকে কয়েকটা যৌক্তিক উপ-শিরোনামে ভাগ করুন — যেমন পটভূমি, বর্তমান চিত্র, সমস্যা/চ্যালেঞ্জ, প্রভাব, করণীয়। প্রতিটা উপ-শিরোনামের নিচে ২-৩টা সংক্ষিপ্ত আলোচনা ও কিছু পয়েন্টে দিয়ে যুক্তি সাজান। এতে পরীক্ষক এক নজরেই লেখার কাঠামো বুঝে যাবেন, যা পরীক্ষকের কাছে আপনার ভালো ইমপ্রেশন তৈরি করবে।
৪. ডাটা, চার্ট আর উদ্ধৃতি যোগ করুন
যত পারেন তথ্য, পরিসংখ্যান আর ছোট ছক ব্যবহার করুন। বাজেট বরাদ্দ, প্রবৃদ্ধির হার, খেলাপি ঋণের পরিমাণ এ ধরনের নির্দিষ্ট সংখ্যা লেখাকে বিশ্বাসযোগ্য করে তোলে। সম্ভব হলে সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষা বা পত্রিকার তথ্যসূত্র উল্লেখ করুন। একটা সাধারণ পর্যবেক্ষণ হলো একই মানের দুটো লেখার মধ্যে যেটায় ডাটা আর ছক আছে, সেটাই পরীক্ষকের চোখে বেশি নম্বর পায়।
৫. উপসংহারে বাস্তবসম্মত সুপারিশ দিন
শেষে শুধু সারমর্ম না লিখে সামনের দিকের একটা দিকনির্দেশনা দিন কী পদক্ষেপ নেওয়া গেলে সমস্যাটা কমানো সম্ভব, বা পরিস্থিতি কোন দিকে যেতে পারে। ৩-৪ লাইনেই এটা শেষ করা যায়।
কোন কোন টপিক নিয়ে পড়াশোনা করবেন
ফোকাস রাইটিংয়ে কমন পড়ার সম্ভাবনা কম, তাই যেকোনো বিষয়ে ফ্রি-হ্যান্ড লেখার দক্ষতা তৈরি করাই আসল লক্ষ্য হওয়া উচিত। তবে কিছু এলাকা প্রায় প্রতি পরীক্ষাতেই ঘুরেফিরে আসে:
• ব্যাংকিং ও অর্থনীতি — মুদ্রানীতি, তারল্য সংকট, খেলাপি ঋণ, ব্যাংক একীভূতকরণ
• সমসাময়িক বাংলাদেশ — বাজেট, মেগা প্রজেক্ট, রপ্তানি-আমদানি পরিস্থিতি, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।
• ডিজিটাল ও মোবাইল ব্যাংকিং — ফিনটেক, ক্যাশলেস অর্থনীতি, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা
• সামাজিক ও আর্থিক সমস্যা — দারিদ্র্য, বেকারত্ব, আয় বৈষম্য
• বৈশ্বিক অর্থনীতি — বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি
নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস এখানে সবচেয়ে কার্যকর প্রস্তুতি। পত্রিকা থেকেই মূলত ডাটা, উদ্ধৃতি আর সাম্প্রতিক পরিসংখ্যানের উৎস পাওয়া যায়, যা লেখাকে সমৃদ্ধ করে। সেই সাথে ফোকাস রাইটিং এ যে টপিক থেকে প্রশ্ন আসে তা মূলত সমসাময়িক সময়ে আলোচিত ও নিয়মিত সেই বিষয়ে সম্পাদকীয় প্রকাশ করা হয়ে থাকে।
ফোকাস রাইটিং বই
বাজারে ফোকাস রাইটিং অনুশীলন করার জন্য ও পরীক্ষার আগে গুরুত্বপূর্ন ফোকাস রাইটিং টপিকের উত্তর সম্বলিত বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যায়। চাকরীপ্রার্থীদের থেকে প্রায় একটা প্রশ্ন শোনা যায় ফোকাস রাইটিং এর জন্য কোন বই ভালো হবে?
আপনি ফোকাস রাইটিং এর জন্য বাজার থেকে বাছাই করে নিজের পছন্দ মত একটা বই কিনতে পারেন। এরপর ফোকাস রাইটিং এ ভালো করা ও বেশি মার্ক পাওয়া নির্ভর করছে আপনার পড়াশোনা ও অনুশীলন এবং পরীক্ষার খাতায় আপনি কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন।
এছাড়াও যারা আগে থেকে ব্যাংক চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা নিয়মিয় পত্রিকা পড়ে গুরুত্বপূর্ণ টপিকের উপর নিজেরা নোট করতে পারেন এবং বাসায় প্রাকটিস করতে পারেন। সেক্ষেত্রে ফোকাস রাইটিং এর জন্য বাজারের বই হবে আপনার জন্য প্রাকটিস বই মাত্র।
বাংলা ও ইংরেজি ফোকাস রাইটিংয়ের পার্থক্য ও প্রস্তুতি
দুটো ভাষাতেই কাঠামো একই থাকে, তবে প্রস্তুতির ধরনে কিছু পার্থক্য থাকে।
বাংলা ফোকাস রাইটিংয়ে বাক্য গঠন স্বচ্ছ ও সরল রাখাই ভালো। জটিল সাধু-চলিত মিশ্রণ এড়িয়ে চলুন। ইংরেজি ফোকাস রাইটিংয়ে ব্যাকরণগত নির্ভুলতা, বিশেষ করে Clause ব্যবহার ও Tense সামঞ্জস্য নিয়ে বাড়তি সতর্ক থাকা দরকার, কারণ এখানে ছোট ভুলও চোখে পড়ে সহজে।
দুই ভাষাতেই দরকার প্রাসঙ্গিক ভোকাবুলারি ও ব্যাংকিং-অর্থনৈতিক পরিভাষার সঞ্চয়। ফোকাস রাইটিং এ ভালো করার জন্য একটা ভালো অভ্যাস হলো প্রতিদিন একটা করে বাংলা আর একটা ইংরেজি ফোকাস রাইটিং লেখা, তারপর সেটা কারো কাছ থেকে যাচাই করিয়ে নেওয়া বা নিজেই পুরনো লেখার সাথে তুলনা করে দেখা কোথায় উন্নতি দরকার।
পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা কীভাবে করবেন
দুই ঘণ্টার মধ্যে লিখিত অংশের এতগুলো প্রশ্ন শেষ করতে হলে প্রতিটা সেকশনের জন্য একটা সময়সীমা বেঁধে নেওয়া জরুরি। দুটো ফোকাস রাইটিং লেখার জন্য মোটামুটি ৪৫ থেকে ৫০ মিনিট বরাদ্দ রাখাই যথেষ্ট। ফোকাস রাইটিং এ বেশি সময় দিলে বাকি অংশগুলো (অনুবাদ, আবেদনপত্র, গণিত) এ উত্তর করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না।
ফোকাস রাইটিং এর জন্য সহজে নিচের মত করে সময় বরাদ্দ করা যেতে পারে-
• আউটলাইন তৈরি — ২ মিনিট
• ভূমিকা — ৩-৪ মিনিট
• পয়েন্ট-বাই-পয়েন্ট মূল অংশ — ১৫-১৮ মিনিট
• উপসংহার — ২-৩ মিনিট
শুরুতে ঘড়ি ধরে অনুশীলন না করলে পরীক্ষার হলে গিয়ে এই হিসাব মেলানো কঠিন হয়ে যায়। তাই বাসায় প্র্যাকটিসের সময়ও টাইমার ব্যবহার করা ভালো অভ্যাস।
সাধারণ যেসব ভুল এড়িয়ে চলবেন
• একটানা অনুচ্ছেদে লেখা: উপ-শিরোনাম সেকশন না করে একটানা লম্বা প্যারাগ্রাফ পরীক্ষকের চোখে ক্লান্তিকর লাগে এবং গুরুত্বপূর্ন তথ্য মিসিং হয়ে যাবে।
• শুধু মতামত, কোনো ডাটা নেই: নিজের ধারণা দিয়ে ভরিয়ে ফেলা বা ভাষা ভাষা বাক্যে ফোকাস রাইটিং লেখা। ফোকাস রাইটিং এ কোনো পরিসংখ্যান বা রেফারেন্স ছাড়া বা তথ্য উপাত্ত না দেয়া।
• অপ্রাসঙ্গিক তথ্য জুড়ে দেওয়া: টপিকের সাথে সম্পর্কহীন তথ্য দিয়ে ফোকাস রাইটিং বড় করা।
• সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা: একটা ফোকাস রাইটিংয়ে বেশি সময় দিয়ে ফেলে বাকি অংশ তাড়াহুড়োয় শেষ করা। ফলে অন্যান্য উত্তরের কোয়ালিটি নষ্ট হয় ফলে মার্ক কম আসে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
ফোকাস রাইটিং আর প্রবন্ধ (Essay) কি একই জিনিস?
না। প্রবন্ধে ভাষার সৌন্দর্য ও বিশ্লেষণী গভীরতা প্রাধান্য পায়, ফোকাস রাইটিংয়ে প্রাধান্য পায় তথ্য, ডাটা ও যৌক্তিক উপস্থাপনা।
ফোকাস রাইটিংয়ে কত শব্দ লেখা উচিত?
নির্দিষ্ট কোনো সংখ্যা বাঁধা নেই, তবে বরাদ্দ সময়ের (২০-২৫ মিনিট) মধ্যে যতটা গুছিয়ে ও তথ্যনির্ভর লেখা যায়, ততটাই যথেষ্ট। দৈর্ঘ্যের চেয়ে গঠন ও তথ্যের গুণমান বেশি গুরুত্বপূর্ণ।
উপ-শিরোনাম কি বাধ্যতামূলক?
আবশ্যিক নিয়ম না হলেও পয়েন্ট-বাই-পয়েন্ট উপ-শিরোনাম ব্যবহার করলে লেখা অনেক বেশি পাঠযোগ্য ও সংগঠিত দেখায়, যা সাধারণত ভালো নম্বরের সাথে সম্পর্কিত।
ডাটা বা পরিসংখ্যান মনে না থাকলে কী করব?
আনুমানিক পরিসংখ্যান দেওয়ার চেষ্টা না করে বরং যুক্তি ও প্রাসঙ্গিক বিশ্লেষণের ওপর জোর দিন। ভুল ডাটা দেওয়ার চেয়ে যুক্তিনির্ভর বিশ্লেষণ বেশি নিরাপদ।
কীভাবে প্রতিদিনের প্রস্তুতিতে ফোকাস রাইটিং অন্তর্ভুক্ত করব?
প্রতিদিন একটা সমসাময়িক টপিক বেছে নিয়ে একটা বাংলা ও একটা ইংরেজি ফোকাস রাইটিং লিখুন, সাথে নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস রাখুন যাতে ডাটা ও উদ্ধৃতির উৎস তৈরি থাকে।
ফোকাস রাইটিং আসলে মুখস্থবিদ্যার পরীক্ষা নয় এটা একটা কাঠামোগত চিন্তাভাবনার ও নিয়মিত অনুশীলনের ফল। যিনি টপিককে দ্রুত ভেঙে যৌক্তিক পয়েন্টে সাজাতে পারেন আর সেই পয়েন্টগুলোকে তথ্য দিয়ে সমর্থন করতে পারেন, তিনিই এগিয়ে থাকেন। শুরুতে কাঠামো মনে রাখা কঠিন লাগলেও নিয়মিত অনুশীলনে এটা স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়ে যায়। আজ থেকেই একটা টপিক বেছে নিয়ে লিখতে বসে যান পরের বার লেখাটা আরেকটু গোছানো হবে, এটা নিশ্চিত।